বাদ পড়া ৩৪ লাখ শিশুর টিকা শুরু আজ থেকে হাম-রুবেলা ক্যাম্পেইন
বাদ পড়া ৩৪ লাখ শিশুর হাম-রুবেলার টিকা দেওয়া শুরু আজ
হাম-রুবেলার টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়া ৩৪ লাখ শিশুকে এবার টিকার আওতায় আনতে বিশেষ ক্যাম্পেইন শুরু করছে সরকার। আজ শনিবার থেকে দেশজুড়ে শুরু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
৬ মাস থেকে ৫৯ মাস বয়সী এসব শিশুকে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। রাজধানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে আজ এ কর্মসূচির উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত উপস্থিত থাকবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরের ৫ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে অনেক শিশু বাদ পড়ে যায়। এবার তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনতেই নেওয়া হয়েছে বিশেষ এ উদ্যোগ।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, হাম নিয়ন্ত্রণে টিকাদানই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি এ ক্যাম্পেইনের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে।
এদিকে দেশে মার্চের শুরুতে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক দিনে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে তিনজনের।
চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ২১ হাজারের বেশি মানুষের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম আক্রান্তসহ মোট ১ হাজার ৮৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আগের জাতীয় ক্যাম্পেইনে শিশুদের প্রকৃত সংখ্যা নির্ধারণে ঘাটতি ছিল। এবার প্রতিটি উপজেলা থেকে শিশুর সংখ্যা সংগ্রহ করে সেই হিসাব অনুযায়ী টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, সংক্রমণের হটস্পটগুলো চিহ্নিত করে কোনো ঝুঁকিপূর্ণ শিশু টিকা থেকে বাদ পড়ছে কি না, তা নিশ্চিত করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুদের টিকার আওতায় আনা গেলে হাম নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে বলে আশা করছেন তারা।