দৃষ্টিহীন শাকিলের চাকরির স্বপ্ন পূরণ
দৃষ্টিহীন শাকিলের চাকরির স্বপ্ন পূরণ, নিয়োগ দিল রাবি
নওগাঁর প্রত্যন্ত গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন আজন্ম দৃষ্টিহীন মো. শাকিল হোসেন। দীর্ঘদিন চাকরির চেষ্টা করেও দৃষ্টিহীনতার কারণে নিয়োগ না পাওয়ায় অনিশ্চয়তায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর উদ্যোগে তার সেই অপেক্ষার অবসান হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকায় বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শাকিল হোসেনের হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পদে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শাকিল ২০১৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবন শেষ করার পর বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিলেও দৃষ্টিহীনতার কারণে নিয়োগ পেতে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন তিনি।
পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে রাবি কর্তৃপক্ষকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার জন্য উদ্যোগ নেওয়া হয়। এরপর তার যোগ্যতা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে।