৭ মাসে সর্বোচ্চ বাকস্বাধীনতা দাবি মাহদী আমিনের
সাত মাসে সর্বোচ্চ মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত: মাহদী আমিন
সাত মাসে দেশে অভূতপূর্ব বাকস্বাধীনতা ও নাগরিক মানবাধিকার নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, গত সাত মাসে রাষ্ট্রীয় মদদে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা নির্যাতনের মাধ্যমে মৃত্যুর ঘটনা ঘটেনি। কোথাও বিচ্ছিন্ন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে জবাবদিহির আওতায় আনা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল আদর্শ ধারণ করে সরকার সর্বোচ্চ বাকস্বাধীনতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করছে। জনগণের স্বার্থ, গণতন্ত্র ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে।