সাগর-রুনি হত্যা মামলা ট্রাইব্যুনালের সহযোগিতার আশ্বাস
সাগর-রুনি হত্যা মামলায় সহযোগিতা করবে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর
সাগর-রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল—এমন আশ্বাস দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। রোববার সকালে সাগর-রুনির পরিবারের পক্ষ থেকে ট্রাইব্যুনালে আবেদন করা হলে তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, মামলাটি ট্রাইব্যুনালের আইনের আওতায় আসে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। দীর্ঘ ১৪ বছরেও এই আলোচিত হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়ায় ক্ষোভ রয়েছে পরিবার ও সাংবাদিক মহলে। সর্বশেষ আগামী ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘদিন র্যাব তদন্ত করলেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালে হাইকোর্টের নির্দেশে চার সদস্যের টাস্কফোর্স গঠন করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।