মেসি জাদুতে ইতিহাস বদলে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

১৭ জুন ২০২৬ - ০৬:২৩ পূর্বাহ্ণ
 0
মেসি জাদুতে ইতিহাস বদলে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

ইতিহাস বদলানোর রাত, আর সেই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে আবারও লিওনেল মেসি। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নেমে আর্জেন্টিনা ভেঙে দিল বহুদিনের এক অপূর্ণতা। ফুটবল ইতিহাসে এর আগে কখনো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরের আসরের প্রথম ম্যাচ জিততে পারেনি আলবিসেলেস্তেরা। তবে আলজেরিয়ার বিপক্ষে মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে সেই অভিশাপ ঘুচিয়ে নতুন ইতিহাস লিখে বিশ্বকাপ যাত্রা শুরু করল আর্জেন্টিনা।

বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে জে গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে ৩–০ গোলে। ম্যাচের তিনটি গোলই করেছেন মেসি। এই হ্যাটট্রিক করে তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে (১৫) ছাড়িয়ে ছুঁয়ে ফেলেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার করা বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড। এখন আর একটি গোল করলেই এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যদিও পঞ্চম মিনিটে মেসির গোলটি অফসাইডের কারণে বাতিল হলে হতাশ হতে হয় সমর্থকদের। তবে ১৭ মিনিটে আর কোনো ভুল করেননি আর্জেন্টাইন অধিনায়ক। মিডফিল্ডার রদ্রিগো দে পলের কাছ থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর মুহুমুহু আক্রমণ চালিয়ে গেলেও জালের দেখা না পাওয়ায় ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই গঞ্জালো মান্তিয়েলের জায়গায় নাহুয়েল মলিনাকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। ৫৫ মিনিটে লাওতারো মার্তিনেজের বদলে হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদার বদলে মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস। তাতে আরও ধারালো হয়ে ওঠে আর্জেন্টিনার আক্রমণভাগ। 

ম্যাচের ৬০ মিনিটের মাথায় আবারও জালের দেখা পান লিওনেল মেসি। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান। ফিরতি শটে গোল করে দলকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। ছয় মিনিট পর অবিশ্বাস্য দক্ষতায় বল ঠেকিয়ে মেসিকে হ্যাটট্রিক বঞ্চিত করেছিলেন লুকা জিদান। 

তবে দশ মিনিট পর আর্জেন্টাইন মহাতারকাকে আর আটকে রাখা গেল না। হ্যাটট্রিকটা পেয়েই গেলেন এলএমটেন। নিখুঁত এক শটে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। এই হ্যাট্রটিকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে উঠলেন মেসি। রোনালদো নাজারিওর ১৫ গোল ছাড়িয়ে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ গোল করা ক্লোসাকে। বিশ্বকাপে মেসির গোল এখন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সমান ১৬টি। এরপর ৮০ মিনিটে 

সব মিলিয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনটা মেসি ও আর্জেন্টিনা শুরু করল বড় বার্তা দিয়ে। কাতারে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ হলেও, ক্ষুধাটা এখনো চার বছর আগের মতোই আছে।