আগামীকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামীকাল শুক্রবার (২২ মে) থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসাগুলোতে আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হবে।
সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে আগামী ৪ জুন পর্যন্ত। পরে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এসব প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষের কার্যক্রম পুনরায় শুরু হবে ৭ জুন থেকে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকায় এ তথ্য জানানো হয়েছে। নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে।
অন্যদিকে মাদরাসা শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ হচ্ছে। মাদরাসা শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের সব মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
এ ছাড়া ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি এবং পরবর্তীতে ১২ ও ১৩ জুন শুক্র ও শনিবার বন্ধ থাকায় মাদরাসাগুলোতে টানা ছুটির পরিমাণ দাঁড়াচ্ছে মোট ২৩ দিন।