সোমবার থেকে ডিপো পর্যায়ে বর্ধিত হারে দেয়া হবে ডিজেল-পেট্রোল-অকটেন
গ্রাহক চাহিদা বিবেচনায় সোমবার (২০ এপ্রিল) থেকে ডিপো পর্যায়ে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বর্ধিত হারে বরাদ্দ দেয়া হবে৷ রোববার (১৯ এপ্রিল) রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে শনিবার দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ওইদিন রাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। যা রোববার থেকেই সারাদেশে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার ডিজেলের দাম পড়বে ১১৫ টাকা। পাশাপাশি প্রতি লিটার কেরোসিন ১৩০ টাকা, প্রতি লিটার পেট্রোল ১৩৫ টাকা এবং প্রতি লিটার অকটেনের দাম পড়বে ১৪০ টাকা। যেখানে এতদিন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা ও অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছিল।