‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’, দুঃখপ্রকাশ করলেন প্রতিমন্ত্রী

১৫ মার্চ ২০২৬ - ০৭:২৪ পূর্বাহ্ণ
 0
‘মাননীয় স্পিকার’ পরিবর্তে ‘মাই লর্ড’, দুঃখপ্রকাশ করলেন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আজ দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে স্পিকার খুঁজছিলেন সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেনকে। উনি অনুপস্থিত। দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রথম প্রশ্নের উত্তরে সম্বোধন করতে গিয়ে ‘মাননীয় স্পিকার’র জায়গায় দু-একবার বলে ফেলেন ‘মাই লর্ড’।

সম্পূরক উত্তর দিতে দাঁড়িয়ে বললেন, ওকালতি করি, অভ্যাস বশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এ জন্য দুঃখিত। কিন্তু মূল প্রশ্ন ও চারটি সম্পূরক প্রশ্নের উত্তর দিলেন খুবই প্রাণবন্তভাবে, একবারও মনে হয়নি বয়সে একেবারে নবীন, প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হয়ে তিনি উত্তর দিচ্ছেন।

সাবলীলভাবে সব প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের উত্তর দেন। প্রথম সম্পূরক প্রশ্ন করার সুযোগ পান সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, দ্বিতীয় সুযোগ পান জামায়াতের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী। তৃতীয় সম্পূরকের সুযোগ পান জামায়াতের সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম। চতুর্থ সম্পূরকের সুযোগ পান জামায়াতেরই আরেক এমপি নড়াইলে-২ এর মো. আতাউর রহমান।


এদিকে সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন নৈতিক শিক্ষার অবক্ষয়রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। তিনি বলেন, শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকই থাকবে। তিনি আরও বলেন, ইংলিশ মিডিয়াম স্কুল নিয়মের আওতায় আনার বিষয়ে কমিটি করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের লিখিত উত্তরে এহসানুল হক বলেন, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমান সরকার এগুলোর মানোন্নয়নের বিষয়ে বদ্ধপরিকর। সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।


আরেক প্রশ্নের জবাবে এহসানুল হক বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করবে সরকার। পুরাতন আবেদনগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে।

এর আগে বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এ অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

প্রথম অধিবেশনের শুরুতে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। রোববার থেকেই শুরু হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা।


এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে রোববার পর্যন্ত মুলতবি করা হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।