‘অন্তর্বর্তী সরকারের শেষ বড় কাজ হলো গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন উপহার দেয়া’
অন্তর্বর্তী সরকারের সময় প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, সরকার যে পরিমাণ সংস্কার, বিচার ও কাঠামোগত পরিবর্তনের সুযোগ পেয়েছিল, তা কাজে লাগানোর সক্ষমতা এখন শেষ সীমায় পৌঁছেছে। তার ভাষায়, যেটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল ওনাদের দম ফুরিয়ে গেছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যে সক্ষমতা ও সম্ভাবনা ছিল, তা কার্যত শেষ পর্যায়ে চলে এসেছে। বর্তমান বাস্তবতায় সরকারের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত শেষ বড় কাজ হলো একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন উপহার দেয়া। তিনি বলেন, এখন ওনারা যেটা করতে পারেন, তা হলো একটা ভালো নির্বাচন।
অনুষ্ঠানে সিজিএসের একটি জরিপ প্রতিবেদন তুলে ধরা হয়, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনী অংশগ্রহণে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করা হয়েছে। জরিপটি দেশের বিভিন্ন এলাকার ৫০৫ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে পরিচালিত হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ৫০ শতাংশের বেশি সংখ্যালঘু ভোটার উদ্বিগ্ন। একই সঙ্গে ২৫ শতাংশেরও বেশি উত্তরদাতা জানিয়েছেন, তারা নিজেকে অনিরাপদ অথবা চরম অনিরাপদ মনে করেন। এই তথ্য তুলে ধরে বক্তারা বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় নিরাপত্তাহীনতা সংখ্যালঘুদের রাজনৈতিক অংশগ্রহণে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
ফলাফল প্রকাশের পর আলোচনায় অংশ নিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের বক্তব্য ও বাস্তব কাজের মধ্যে স্পষ্ট অসামঞ্জস্য রয়েছে। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে। কিন্তু বাস্তবে সেই ছাতা খোলা হয়নি। তার মন্তব্য, ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে এখনো পরিস্থিতি সংশোধনের সুযোগ রয়েছে। তিনি মনে করেন, নারী, সংখ্যালঘু সম্প্রদায়, বিভিন্ন জনগোষ্ঠী এবং ভিন্নমতের রাজনীতিকদের নির্বাচনে কার্যকরভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ভোটের আওতায় আনা এবং ভোটের আগে ও পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের সামনে ভালো কাজ করার এটি হয়তো শেষ সুযোগ। তার মতে, এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি করে যেতে পারে একটি অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও থাকতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার এবং বিশিষ্ট অর্থনীতিবিদ সেলিম জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান।