৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রোববার (৩০ নভেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাতকানিয়ার কেরানিহাট এলাকার স্থানীয় বাসিন্দারা। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে শত শত মানুষ সড়কে অবস্থান নিলে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
তাদের দাবি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক শুধু স্থানীয়দের জন্য নয়, দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গা ত্রাণ সরবরাহের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই রুটে চলাচল করেন। অথচ দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কের বহু অংশ এখনও খুব সরু, কিছু জায়গায় ঢালু ও বাঁকানো, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাতে লবণবাহী ট্রাক চলাচলের কারণে সড়ক পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
বিক্ষোভকারীরা বলেন, এর আগে একই দাবিতে গত ৬ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেয়া হয়। পরে ১১ এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানকেও স্মারকলিপি দেয়া হয়। কিন্তু দীর্ঘসময়েও দৃশ্যমান কোনও পদক্ষেপ না আসায় পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।