বাঁধনের ওপর হামলা! ছাত্রদল সভাপতির কঠোর হুঁশিয়ারি
অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা
ইতালির ভেনিসে ঢালিউড অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নিন্দা জানান তিনি।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ইতালির ভেনিসে জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন।
তিনি আরও বলেন, একজন নারী এবং জুলাইযোদ্ধাকে বিদেশের মাটিতে একা পেয়ে এ ধরনের কাপুরুষোচিত হামলা প্রমাণ করে, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের মধ্যে সামান্যতম অনুশোচনাও তৈরি হয়নি।
ছাত্রদল সভাপতি বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানোর সুযোগ নেই। কঠোর হাতে তাদের দমন করা হবে এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে।
এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক ভিডিও বার্তায় ইতালির ভেনিসে হামলার শিকার হওয়ার অভিযোগ করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
বাঁধনের অভিযোগ, স্থানীয় একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে গেলে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা ও হেনস্তা করেন। এ সময় তার মোবাইল ফোন ছুড়ে ফেলা এবং তার ভাবীকে ধাক্কা দেওয়ার অভিযোগও করেন তিনি।
ঘটনার পর নিরাপত্তার জন্য তার সঙ্গে পুলিশ রয়েছে জানিয়ে বাঁধন বলেন, প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করছেন এবং ৮ সেপ্টেম্বর হামলা ও হেনস্তার অভিযোগে মামলা করবেন।