বিশ্বকাপে গ্রুপ পর্বে সবচেয়ে সেরা ৩ ও দুর্বলতম ৩ গোল

২৮ জুন ২০২৬ - ১৩:৩৮ অপরাহ্ণ
 0
বিশ্বকাপে গ্রুপ পর্বে সবচেয়ে সেরা ৩ ও দুর্বলতম ৩ গোল

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বেই হয়েছে রেকর্ডসংখ্যক ২১৫টি গোল। দুর্দান্ত দূরপাল্লার শট, চোখধাঁধানো ব্যক্তিগত নৈপুণ্য, হ্যাটট্রিক; সব মিলিয়ে ফুটবলপ্রেমীদের জন্য ছিল রোমাঞ্চে ভরপুর এক পর্ব। তবে সব গোল সমান সুন্দর ছিল না। কিছু গোল যেমন ছিল অবিশ্বাস্য, তেমনি কিছু ছিল হতাশাজনক। এমন গোলগুলোর র‌্যাঙ্কিং করেছে ফক্স স্পোর্টস। 

সেরা ৩ গোল
১. লিওনেল মেসির জাদুকরী গোল (আর্জেন্টিনা বনাম আলজেরিয়া)

গ্রুপ পর্বের সেরা গোলের তালিকায় শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম গোলটি ছিল অসাধারণ। মিডফিল্ড থেকে বল নিয়ে প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে এগিয়ে যান মেসি। এরপর নিজের প্রিয় বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জড়িয়ে দেন জালের ওপরের কোণে। ম্যাচে পরে আরও দুটি গোল করে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকও পূর্ণ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

২. রেকর্ড গড়া এমবাপ্পের বজ্রগতির শট (ফ্রান্স বনাম সেনেগাল)
ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েন কিলিয়ান এমবাপ্পে। সেনেগালের বিপক্ষে ম্যাচে বল পেয়ে দূর থেকে এক দুর্দান্ত শক্তিশালী শটে গোলরক্ষক এদুয়ার মেন্ডিকে পরাস্ত করেন তিনি। এই গোল শুধু ইতিহাসই গড়েনি, ফ্রান্সের জয়ও নিশ্চিত করেছে।

কিলিয়ান এমবাপ্পে। ছবি: এপি

কিলিয়ান এমবাপ্পে। ছবি: এপি

৩. আয়ারির নাকলবল বিস্ময় (সুইডেন বনাম তিউনিসিয়া)

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সুইডেন। মিডফিল্ডার ইয়াসিন আয়ারি বক্সের বাইরে থেকে জোরালো নাকলবল শটে বল পাঠিয়ে দেন জালে। বলটি বাতাসে খুব কম নড়াচড়া করলেও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে ঢুকে যায়। ম্যাচে এটি ছিল আয়ারির দুই গোলের প্রথমটি।

সবচেয়ে বাজে ৩ গোল

১. দ্বিতীয় সুযোগে হ্যারি কেইনের পেনাল্টি (ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া)

সবচেয়ে নিচে রয়েছে হ্যারি কেইনের পেনাল্টি গোল। প্রথমবার তার নেওয়া শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ দারুণভাবে রুখে দেন। তবে ভিএআর পর্যালোচনায় দেখা যায়, শট নেওয়ার সময় গোলরক্ষকের দুই পা-ই গোললাইন ছেড়ে সামনে ছিল।

ফলে পুনরায় পেনাল্টি নেওয়ার সুযোগ পান কেইন এবং দ্বিতীয় চেষ্টায় গোল করেন। একই পেনাল্টি থেকে দ্বিতীয় সুযোগে গোল করায় এটিকে গ্রুপ পর্বের সবচেয়ে দুর্বল গোল হিসেবে মূল্যায়ন করা হয়েছে।

দুর্বল পেনাল্টি নেন হ্যারি কেইন। ছবি: এপি

দুর্বল পেনাল্টি নেন হ্যারি কেইন। ছবি: এপি

২. তিউনিসিয়ার আত্মঘাতী ভুলে নেদারল্যান্ডসের গোল

ম্যাচের শুরুতেই ডাচদের এগিয়ে দেন তিউনিসিয়ার ডিফেন্ডার এলিয়েস স্কিরি। প্রতিপক্ষের একটি বল ক্লিয়ার করতে গিয়ে ভুলবশত নিজের জালেই বল পাঠিয়ে দেন তিনি। বিশ্বকাপের অন্যতম হতাশাজনক আত্মঘাতী গোল হিসেবে এটি স্থান পেয়েছে।

৩. উজবেকিস্তানের আত্মঘাতী গোল (পর্তুগাল বনাম উজবেকিস্তান)

ব্রুনো ফার্নান্দেজের নিচু ক্রস থেকে জোয়াও ফেলিক্স বল স্পর্শ করার পর উজবেকিস্তানের ডিফেন্ডার খুসানোভের গায়ে লেগে বল গোলের দিকে যায়। গোলরক্ষক আবদুভোহিদ নেমাতভ বল ঠেকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত বল আবার তার গায়ে লেগে জালে ঢুকে পড়ে। দুর্ভাগ্যজনক এই আত্মঘাতী গোলটি তালিকায় ২১৩তম।