বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বিপুল উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এছাড়া বিশেষ অতিথিসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা এতে অংশ নেবেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে মোট ১৪ জনকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত করবেন। এর মধ্যে চারজন ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক’, চারজন ‘কোস্ট গার্ড (সেবা) পদক’, তিনজন ‘প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক’ ও তিনজন ‘প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক’ পাবেন।
১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাহিনী গঠনের আইনি ভিত্তি প্রণয়ন করেন। পরবর্তীতে ১৯৯৫ সালের ১৪ ফেব্রুয়ারি বাহিনীর গোড়াপত্তন হয় এবং একই বছরের ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে কোস্ট গার্ড উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে চারটি জোনের অধীনে ৬৩টি স্টেশন ও আউটপোস্ট, ২৮টি জাহাজ এবং ১৩৮টি দ্রুতগামী বোটের মাধ্যমে তারা দেশের ২১টি উপকূলীয় জেলায় দায়িত্ব পালন করছে।
বাহিনীটি মৎস্যসম্পদ সংরক্ষণ, বন্দর নিরাপত্তা, ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ, দস্যুতা দমন এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।