সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া ফটোকার্ড নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ভুয়া ফটোকার্ডের বিষয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কয়েকটি ভুয়া ফটোকার্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফটোকার্ডে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের নামে পুরোপুরি অসত্য তথ্য তুলে ধরা হয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করছে যে, ‘এই বক্তব্য সম্পূর্ণভাবে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কখনোই কোথাও এরকম বক্তব্য প্রদান করেন নি। কাজেই, এসব অপতথ্য ও গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হলো।’
বিবৃতি আরও বলা হয়েছে, ‘‘প্রকৃতপক্ষে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, ‘বাংলাদেশে সরকারের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। বাংলাদেশের জনগণের স্বার্থ সুরক্ষিত রেখে সব রাষ্ট্রের সঙ্গে, সব সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে সব দেশের সঙ্গে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে।’’