ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি জানানোয় বাংলাদেশ সরকারের অভিনন্দন
কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের মতো প্রভাবশালী পশ্চিমা দেশগুলো সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর থেকেই ঢাকা ফিলিস্তিনের পাশে রয়েছে। তাই এই স্বীকৃতি নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রগতি। যদিও তাঁর মতে, প্রকৃত স্বাধীনতা অর্জনের জন্য ফিলিস্তিনিদের এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
তিনি আরও বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের সংগ্রামের সঙ্গে আছি, তাই চার দেশের এ সিদ্ধান্তকে আমরা আনন্দের সঙ্গে গ্রহণ করছি। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের স্বীকৃতির ফলে ফিলিস্তিন এখন দেড়শোরও বেশি দেশের সরাসরি সমর্থন পেয়েছে।”
এছাড়া তিনি উল্লেখ করেন, ফ্রান্সও শিগগির ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে। এটি বাস্তবায়িত হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি পাবে ফিলিস্তিন।
দীর্ঘদিনের দমন-নিপীড়নের শিকার ফিলিস্তিন
৭৫ বছরেরও বেশি সময় ধরে দখল, নিপীড়ন আর মানবাধিকার লঙ্ঘনের মধ্য দিয়ে জীবনযাপন করছে ফিলিস্তিনের জনগণ। গাজা ও পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি আগ্রাসন আজও প্রতিদিনের বাস্তবতা।
সাম্প্রতিক এই স্বীকৃতির মাধ্যমে ফিলিস্তিনকে এখন বিশ্বের ১৫১টি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা শুরু হবে বলে জানা গেছে।