প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ৩টার দিকে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে ২২ জুন রাতে চীনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় অন্যদের মধ্যে চিফ হুইপ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত চীন ও মালয়েশিয়ার রাষ্ট্রদূতও এদিন বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।