৩৩ হাজার হজযাত্রীর সুখবর, বাকিদের জন্য কী বার্তা দিলো হজ অফিস

২৫ এপ্রিল ২০২৬ - ১৫:০০ অপরাহ্ণ
 0
৩৩ হাজার হজযাত্রীর সুখবর, বাকিদের জন্য কী বার্তা দিলো হজ অফিস

চলতি বছরে হজে অংশ নিতে এ পর্যন্ত ৮৪টি ফ্লাইটে মোট ৩৩ হাজার ৩১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শনিবার (২৫ এপ্রিল) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া ৮৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। সৌদি আরবের উদ্দেশ্যে আজ আরও পাঁচটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৫টি ফ্লাইটে ১৪ হাজার ৬৯ জন; সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ৩১টি ফ্লাইটে ১২ হাজার ১১৪ জন এবং সৌদি আরবভিত্তিক ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৩৫ জন হজযাত্রী ভ্রমণ করেছেন।

তিনি আরও জানান, বাকি ৪৪ হাজার ৯৭৮ জন হজযাত্রী নির্ধারিত ফ্লাইটে পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন। 

লোকমান হোসেন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত সৌদি দূতাবাস থেকে মোট ৭৮ হাজার ২৯৬ জন হজযাত্রী ভিসা পেয়েছেন। তাদের মধ্যে ৪ হাজার ৪১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৮৭৭ জন বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছেন।

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।