নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন তারেক রহমান

১০ মার্চ ২০২৬ - ০৭:৪৪ পূর্বাহ্ণ
 0
নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানালেন তারেক রহমান

নেপালে সফল ও শান্তিপূর্ণভাবে সংসদীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় দেশটির সরকার এবং জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণ-আন্দোলনের পর অনুষ্ঠিত এই নির্বাচনকে নেপালের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন তিনি।

এক ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার এবং জনগণকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালি জনগণের আকাঙ্ক্ষা এবং স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করে।

পোস্টে তিনি আরও লিখেছেন, ‌‌‘বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে।’

প্রসঙ্গত, জেন-জি অভ্যুত্থানে সরকার পতনের পর নেপালে গত বৃহস্পতিবার  প্রথম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই এদিন ভোটকেন্দ্রে যান দেশটির লাখো ভোটার।

নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার। ২৭৫ সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জন্য, যেখানে ১৬৫ আসন সরাসরি ভোটে এবং ১১০ আসন পার্টি তালিকার মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বহুল প্রতীক্ষিত এ সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ১১০ আসনে এগিয়ে আছে। দলটি বড় জয় নিয়ে সরকার গঠন করতে পারে বলে মনে করা হচ্ছে।