প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক

৩ মার্চ ২০২৬ - ১৩:১৪ অপরাহ্ণ
 0
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন সিটির নবনিযুক্ত প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা (উত্তর-দক্ষিণ) ও গাজিপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত তিন প্রশাসক। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম, উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। 

এদিকে, সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে ঢাকার দুই সিটির প্রশাসক। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রীর কথাটা হল একটাই যে, পরিচ্ছন্ন ঢাকা এবং সবুজায়ন ঢাকা এবং মশার উপদ্রুপ থেকে নগরবাসীকে রক্ষা। এই তিনটা বিষয়ের উপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। সামনে যেহেতু বর্ষা আসতেছে এবং সামনে ডেঙ্গুর প্রকোপ বাড়বে এ কারণে মশাকে যে কোনো ভাবেই হোক নিয়ন্ত্রণে আনতে হবে। আর ঢাকাকে ক্লিন করতে হবে, ঢাকা শহর যে একটা বর্জ্যের একটা কারখানা হয়ে গিয়েছিলো। সেটা থেকে উত্তরণ ঘটাতে হবে।

তিনি আরও বলেন, গত কয়েক মাসে যেভাবে রাজস্ব খাত থেকে কালেকশন আসার কথা সেইভাবে আসেনি। অন্যান্য বছরের তুলনায় এ বছর কম হয়েছে। আমরা এ মুহুর্তে অর্থ সংকট পড়েছি। আমরা বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। আমরা উনার কাছে দক্ষিণ সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য।

তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলেছি, যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি লোকাল গভার্মেন্ট মিনিস্ট্রি সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন যাতে আমাদের বিভিন্ন প্রকল্পে বিভিন্ন কাজে যাতে আমাদের সহযোগিতা করা হয়।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন করপোরেশনের অর্থনৈতিক দুরাবস্থার কথা তুলে ধরে বলেন, করপোরেশন এখন ভঙ্গুর অবস্থায়। ফান্ড নেই অথচ ১৪৭০ কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেয়া হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি ১০ তারিখে শেষ অফিস করে ৩৪টি ফাইল সই করে গেছেন যেখানে বিল দিতে হবে। আসলে কোন টাকাই নেই। ২৫ কোটি টাকা আছে। রাজস্ব শাখা থেকে আমি যেটা জানতে পেরেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতি মাসে স্যালারি আসে ১৩ কোটি টাকা। ১৩ কোটি টাকা থেকে থাকবে ১২ কোটি। বিচার বিশ্লেষণ আপনারাই করবেন উন্নয়ন কর্মকাণ্ড কিভাবে করব?

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা হতাশ নই, এভাবেই আমরা এগিয়ে যাব জনকল্যাণে যতটুক সেবা দেয়ার প্রয়োজন আছে আমরা সেই বা দেয়ার জন্য আমরা নিজেকে আমরা প্রস্তুত করব এবং জনকল্যাণে আমাদের যে অঙ্গীকার আছে সেটাকে আমরা বাস্তবায়ন করব।