হাদির অপারেশন সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

১২ ডিসেম্বর ২০২৫ - ১৪:৪২ অপরাহ্ণ
 0
হাদির অপারেশন সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ারে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জরুরি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। পরে তাঁর পরবর্তী পোস্ট-অপারেটিভ ব্যবস্থাপনার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে শুক্রবার সন্ধ্যার পর সমকালকে নিশ্চিত করেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

জুমার নামাজ শেষে রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোড এলাকায় শরীফ ওসমান বিন হাদি সশস্ত্র হামলার শিকার হন। দ্রুত তাঁকে ঢামেকে নেওয়া হলে জরুরি বিভাগেই চিকিৎসকরা তাঁর জীবনরক্ষায় কাজ শুরু করেন।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটের দিকে তিনটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনার পর দ্রুত পালিয়ে যায়।

হাসপাতাল সূত্র জানায়, গুলিবিদ্ধ অবস্থায় আনয়নের পর হাদির শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। ভর্তি হওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দ্রুত সিপিআর দেওয়ায় সাময়িকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাথার ভেতরেই গুলি অবস্থান করছে এবং পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল। তাঁকে লাইফ সাপোর্টে রেখে আইসিইউতে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসা সংশ্লিষ্ট সকল বিভাগ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।