হামাসকে নিরস্ত্র করা হবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ: ট্রাম্পের হুঁশিয়ারি
গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান প্রসঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, হামাসকে যেকোনো উপায়ে নিরস্ত্র করা হবে— প্রয়োজনে বলপ্রয়োগের পথেও যেতে প্রস্তুত আমেরিকা।
মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, “হামাস যদি নিজেরা অস্ত্র ফেলে না দেয়, তবে আমরা নিজেরাই তাদের নিরস্ত্র করব— প্রয়োজনে সহিংস উপায়েও।” তার আগের বক্তব্যগুলো থেকে ধারণা করা হচ্ছে, যুদ্ধশেষে গাজায় হামাসকে সীমিত ক্ষমতার আওতায় রাখা হতে পারে।
একইদিনে জানা গেছে, হোয়াইট হাউসের বিশেষ দূতদের সঙ্গে হামাসের শীর্ষ নেতাদের সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটিই এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে হওয়া সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।
এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাস একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়— আটজন চোখ বাঁধা, হাত বাঁধা এবং হাঁটু গেড়ে বসা ব্যক্তিকে গুলি করে হত্যা করা হচ্ছে। সংগঠনটি দাবি করে, এরা ইসরায়েলের সহযোগী ছিল। ভিডিওটি আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর হামাস গাজায় ‘ফিলিস্তিনি অপরাধী নেটওয়ার্ক ও গোত্রীয় গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, গাজার পূর্ণ নিয়ন্ত্রণ হামাসের হাতে তুলে দেওয়ার পক্ষপাতী নন তিনি।