ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার

৭ মার্চ ২০২৬ - ০৭:০২ পূর্বাহ্ণ
 0
ভাগ্য বদলের স্বপ্নে ১০ লাখ নারী প্রবাসে, সাত বছরে ফিরেছেন অন্তত ৭০ হাজার

ছোটবেলায় বাবা-মাকে হারান পটুয়াখালীর লিজা আক্তার। বিয়ের পর স্বামী তাকে ছেড়ে চলে যান। দুই সন্তানের ভবিষ্যতের আশায় সৌদি আরবে গিয়েছিলেন বছর দুই আগে। কিন্তু চারবার হাতবদল ও অমানবিক নির্যাতনের যৌন শিকার হন তিনি। ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় গত ৯ ফেব্রুয়ারি দেশে ফিরে আসেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন তাকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামে পাঠায়। বর্তমানে ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তায় তিনি।

ভাগ্য বদলের আশায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রিজিয়া বেগম ছয় বছর আগে সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যান। কিন্তু সেখানে দীর্ঘ সময় কাজ করানো, কম খাবার দেওয়া এবং নির্যাতনের শিকার হতে হয়। অসুস্থ হয়ে পড়ার পর পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় পাঁচ বছর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবার ভেবেছিলেন তিনি মারা গিয়েছিলেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঢাকার বিমানবন্দরে তাঁকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়। ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের সহায়তায় ও পিবিআই-এর সহযোগিতায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয় এবং ১৩ দিন পর তিনি পরিবারের কাছে ফিরে যেতে সক্ষম হন। বর্তমানে তাকে মানসিক সুস্থতার জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

লিজা বা রিজিয়ার মতো নারীর সংখ্যা এখন অনেক। গত এক দশকে বাংলাদেশ থেকে নারী অভিবাসীর সংখ্যা যেমন বেড়েছে, তেমনি হয়রানি ও নিপীড়নসহ নানা সংকট নিয়ে ফেরত এসেছেন অসংখ্য নারী। বিএমইটির তথ্য অনুযায়ী, বর্তমানে ১০ লাখেরও বেশি নারী বিদেশে কাজ করছেন। তবে তাদের মধ্যে কতোজন ফিরেছেন তার সঠিক তথ্য নেই। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের তথ্য অনুযায়ী, গত সাত বছরেই অন্তত ৭০ হাজার নারী দেশে ফিরে এসেছেন। এদের বেশিরভাগই নিপীড়নের নানা অভিযোগ করেছেন। এছাড়া অন্তত আটশ নারীর লাশ দেশে এসেছে। এর বাইরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত ৬ হাজারের বেশি নারী মানব পাচারের শিকার হয়েছেন।

এমন পরিস্থিতিতে কাল ৮ মার্চ পালিত হবে আন্তর্জাতিক নারী দিবস। এবারের দিবসের প্রতিপাদ্য 'অধিকার, ন্যায়বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক'।  এর মানে দেশে থাকা নারীদের যেমন অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে তেমনি প্রবাসে থাকা নারীদেরও অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।